Monday, Feb 16, 2026 28°C

Concise and comprehensive global coverage.

আইন ও বিচার

গুলশানে ভবন থেকে রড পড়ে পথচারী নিহত

এমবিআর স্কাই লাইন প্রকল্পের উত্তর দিকের প্রথম তলা থেকে ২৫তম তলা পর্যন্ত অংশ সম্পূর্ণভাবে গ্লাস ক্ল্যাডিং দ্বারা আবৃত এবং ওই পাশে কোনো রড-সংক্রান্ত কাজ চলমান ছিল না বলেও জানানো হয়।

NP
Published: January 27, 2026, 04:45 PM
গুলশানে ভবন থেকে রড পড়ে পথচারী নিহত

রাজধানীর গুলশানের একটি ভবন থেকে রড পড়ে মো. আশফাকুজ্জামান চৌধুরী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে গুলশান–১ এর ১৪০ নম্বর রোডে ‘ক্রিস্টাল প্লেস’ ভবনের সামনে ফুটপাতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার সময় ভবনটির সামনের অংশে ফুটপাত বরাবর ঝুলন্ত প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্লাস ক্লিনিংয়ের কাজ চলছিল। এ কাজ চলাকালীন ওপর থেকে একটি ছোট স্টিল রডের টুকরা উলম্বভাবে নিচে পড়ে এক পথচারীর মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই গ্লাস ক্লিনিংয়ে নিয়োজিত কর্মীদের তড়িঘড়ি করে প্ল্যাটফর্ম সরিয়ে নিতে দেখা যায়। একই সময় ভবনটির ছাদে একাধিক স্টিল রড পড়ে থাকতে দেখা গেছে, যেগুলোর মধ্য থেকে কোনো একটি ঢিলা হয়ে নিচে পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ সংক্রান্ত কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এদিকে দুর্ঘটনাস্থলের বিপরীত পাশে অবস্থিত এমবিআর স্কাই লাইন প্রকল্প কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় ব্যবহৃত রডটির সঙ্গে তাদের প্রকল্পের কোনো সম্পৃক্ততা নেই। বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনাস্থল ও এমবিআর স্কাই লাইন প্রকল্পের মধ্যে আনুমানিক ৪০ থেকে ৫০ ফুট প্রশস্ত একটি রাস্তা রয়েছে। উদ্ধারকৃত রডটি অত্যন্ত পুরোনো, মরিচাধরা ও আংশিক রঙ করা, যা প্রকল্পে ব্যবহৃত রডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এছাড়া এমবিআর স্কাই লাইন প্রকল্পের উত্তর দিকের প্রথম তলা থেকে ২৫তম তলা পর্যন্ত অংশ সম্পূর্ণভাবে গ্লাস ক্ল্যাডিং দ্বারা আবৃত এবং ওই পাশে কোনো রড-সংক্রান্ত কাজ চলমান ছিল না বলেও জানানো হয়। কর্তৃপক্ষ আরও দাবি করে, তাদের ভবনের উত্তর পাশের ফুটপাত টিনশেড দ্বারা সুরক্ষিত এবং ১৪০ নম্বর রোড সংলগ্ন পুরো এলাকা নাইলন সেফটি নেট দিয়ে ঘেরা, ফলে সেখান থেকে কোনো বস্তু নিচে পড়ে যাওয়ার বাস্তব সম্ভাবনা নেই।

ঘটনার পর গুলশান থানার পুলিশ ঘটনাস্থল ও সংশ্লিষ্ট নির্মাণ এলাকা পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় সব দিক খতিয়ে দেখা হচ্ছে।