Wednesday, Feb 25, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

‘তোকে মারলে কী হবে, একটি খুনে যা সাজা ১০টিতেও সেই সাজা’

'তোকে মারলে কী হবে? একটি খুন করলে যে সাজা, ১০টি খুন করলেও সেই সাজা।'—এভাবেই আজিজ উদ্দিন নামের এক ব্যক্তিকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার তাকে হোয়াটসঅ্যাপে এ হুমকি দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়ার দুই মিনিট ৩০ সেকেন্ডের একটি অডিও ছড়িয়ে পড়েছে।আজিজ উদ্দিন চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক। ২০২৪ সালের ৫ নভেম্বর নগরের বায়েজিদ বোস্তামী থানার খন্দকারপাড়া এলাকায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় গুলিতে নিহত...

NP
Published: January 27, 2026, 05:27 AM
‘তোকে মারলে কী হবে, একটি খুনে যা সাজা ১০টিতেও সেই সাজা’

'তোকে মারলে কী হবে? একটি খুন করলে যে সাজা, ১০টি খুন করলেও সেই সাজা।'—এভাবেই আজিজ উদ্দিন নামের এক ব্যক্তিকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। 

গতকাল রোববার তাকে হোয়াটসঅ্যাপে এ হুমকি দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়ার দুই মিনিট ৩০ সেকেন্ডের একটি অডিও ছড়িয়ে পড়েছে।

আজিজ উদ্দিন চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক। 

২০২৪ সালের ৫ নভেম্বর নগরের বায়েজিদ বোস্তামী থানার খন্দকারপাড়া এলাকায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় গুলিতে নিহত তালিকাভুক্ত 'সন্ত্রাসী' সরোয়ার হোসেন ওরফে বাবলার ছোট ভাই তিনি। 

আজিজের দাবি, হুমকিদাতা চট্টগ্রামের 'সন্ত্রাসী' মোবারক হোসেন ইমন।

ওই অডিওতে শুরুতেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অশ্লীলভাবে আজিজকে গালাগাল করতে শোনা যায়। আজিজের উদ্দেশে বলা হয়, 'কয়দিন ঘরে বসে থাকবি, প্রশাসন কয়দিন পাহারা দেবে। প্রশাসন থেকেই কী হবে, তোর ভাইকে ১০ হাজার মানুষের মধ্যে মেরেছি। ৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে তোকে মেরে ফেলব। তোকে মারতে আমি যাব। তোর ভাইকে মানুষ দিয়ে মাথায় গুলি করে মেরেছি। তোকে গুলি করে পুরো শরীর বোলতার বাসা বানিয়ে ফেলব। তোকে মারলে কী হবে। একটি খুন করলে যে সাজা, ১০টি খুন করলেও সেই সাজা।'

মোবারক চট্টগ্রামের আলোচিত 'সন্ত্রাসী' সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের ডান হাত হিসেবে পরিচিত। বাবলা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।  

সম্প্রতি চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এক গণবিজ্ঞপ্তিতে ৩৩০ জন 'দুষ্কৃতকারী'র তালিকা প্রকাশ করে। ওই তালিকায় মোবারকের নামও রয়েছে।

পুলিশ জানায়, মোবারক ফটিকছড়ির কাঞ্চনগরের মো. মুসার ছেলে। তার বিরুদ্ধে চট্টগ্রাম নগরের বাকলিয়া এক্সেস রোডে জোড়া খুন, পতেঙ্গায় আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবরকে প্রকাশ্যে গুলি করে হত্যাসহ সাতটি মামলা রয়েছে। 

আজিজ উদ্দিন সাংবাদিকদের বলেন, 'আমার ভাই সরোয়ারকে গুলি করে হত্যার পর থেকে আমাকে প্রায়ই হুমকি দিয়ে আসছে সন্ত্রাসীরা। সর্বশেষ গত রোববার আমাকে হুমকি দেওয়া হয়। আমি নিরাপত্তাহীনতায় আছি।'

বায়েজিদ বোস্তামি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মারেফুল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, হুমকির ঘটনাটি ফেসবুক ও সংবাদপত্রের মাধ্যমে জেনেছি। এই বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। মোবারককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।