Sunday, Feb 22, 2026 28°C

Concise and comprehensive global coverage.

World

দিল্লিতে লস্কর-ই-তৈয়বার বড়সড় নাশকতার ছক বানচাল: বাংলাদেশিসহ গ্রেপ্তার ৮

ভারতের দিল্লির লাল কেল্লা ও চাঁদনী চকের মন্দিরে লস্কর-ই-তৈয়বার নাশকতার ছক বানচাল করেছে নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ থেকে এক বাংলাদেশিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে জাল আধার কার্ড, ১৬টি সিম এবং ৮টি মোবাইল উদ্ধার করা হয়েছে। বর্তমানে দিল্লি পুলিশ এই ঘটনার অধিকতর তদন্ত করছে।

NP
Published: February 22, 2026, 06:21 AM
দিল্লিতে লস্কর-ই-তৈয়বার বড়সড় নাশকতার ছক বানচাল: বাংলাদেশিসহ গ্রেপ্তার ৮

ভারতের রাজধানী দিল্লির লাল কেল্লা ও গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনায় বড় ধরনের নাশকতার ছক বানচাল করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার ভয়াবহ বিস্ফোরণের পরিকল্পনার গোয়েন্দা তথ্য পাওয়ার ঠিক একদিন পরেই সাড়াশি অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, অভিযুক্তরা দিল্লির লাল কেল্লা এবং জনাকীর্ণ চাঁদনী চক এলাকার একটি মন্দিরসহ গুরুত্বপূর্ণ স্থানে হামলার লক্ষ্য নির্ধারণ করেছিল।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জনের পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন- মিজানুর রহমান, মোহাম্মদ শাবাত, উমর, মোহাম্মদ লিটন, মোহাম্মদ শহীদ এবং মোহাম্মদ উজ্জ্বল। এদের মধ্যে ছয়জনকে তামিলনাড়ুর তিরুপুর জেলার একটি পোশাক উৎপাদন ইউনিট থেকে এবং বাকি দুজনকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়। কর্মকর্তাদের তথ্যমতে, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। অভিযুক্তরা নিজেদের পরিচয় গোপন রাখতে এবং কার্যক্রম পরিচালনা করতে জাল আধার কার্ড ব্যবহার করছিল বলে জানা গেছে।

অভিযান চলাকালে সন্দেহভাজনদের কাছ থেকে আটটি মোবাইল ফোন এবং ১৬টি সিম কার্ড উদ্ধার করেছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, সন্ত্রাসী গোষ্ঠীটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) বা শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করে হামলার পরিকল্পনা করছিল। তামিলনাড়ু পুলিশ গ্রেপ্তারকৃতদের আটক করে ইতোমধ্যে দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করেছে। এই চক্রের পেছনে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে বর্তমানে ব্যাপক তদন্ত চলছে।