Wednesday, Feb 25, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

রাজধানীতে পৃথক ছিনতাইয়ে গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে আহত ২

রাজধানীর মিরপুরের পল্লবী ও খিলক্ষেতে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ এবং আরেকজন ছুরিকাঘাতে আহত হয়েছেন।আহত দুজনই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।মিরপুরের পল্লবী এলাকায় ছিনতাইকারীদের গুলিতে আহত হয়েছেন মোহাম্মদ হোসেন দিপু (৪৫)। তিনি স্থানীয় একটি মুদি দোকানে কাজ করেন। আজ বৃহস্পতিবার ভোরে ছিনতাইকারীরা তার মানিব্যাগ ও মোবাইল ফোন নিয়ে যায়।অন্যদিকে, আজ বৃহস্পতিবার ভোরে খিলক্ষেতে ছুরিকাঘাতে আহত হয়েছেন নির্মাণশ্রমিক মো. লিটন (২৮)। এ সময় ছিনতাইকারীরা তার ব্যাগ,...

NP
Published: January 29, 2026, 07:09 AM
রাজধানীতে পৃথক ছিনতাইয়ে গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে আহত ২

রাজধানীর মিরপুরের পল্লবী ও খিলক্ষেতে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ এবং আরেকজন ছুরিকাঘাতে আহত হয়েছেন।

আহত দুজনই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

মিরপুরের পল্লবী এলাকায় ছিনতাইকারীদের গুলিতে আহত হয়েছেন মোহাম্মদ হোসেন দিপু (৪৫)। তিনি স্থানীয় একটি মুদি দোকানে কাজ করেন। আজ বৃহস্পতিবার ভোরে ছিনতাইকারীরা তার মানিব্যাগ ও মোবাইল ফোন নিয়ে যায়।

অন্যদিকে, আজ বৃহস্পতিবার ভোরে খিলক্ষেতে ছুরিকাঘাতে আহত হয়েছেন নির্মাণশ্রমিক মো. লিটন (২৮)। এ সময় ছিনতাইকারীরা তার ব্যাগ, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

দিপুর স্ত্রী আফরোজা আখতার জানান, তারা মিরপুর-১২ এলাকায় বসবাস করেন এবং তাদের ভবনের নিচতলায় একটি মুদি দোকান রয়েছে। আজ ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে দিপু সিগারেট খাওয়ার জন্য বাইরে বের হলে মোটরসাইকেলে থাকা দুই থেকে তিনজন যুবক তার কাছে আসে।

দিপুর শ্যালক শাহাদাত হোসেন শুভ জানান, কিছুক্ষণ পর তারা চিৎকার শুনে নিচে নেমে দিপুকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, গুলি তার পা ভেদ করে বেরিয়ে গেছে।

ঘটনার বর্ণনায় দিপু জানান, ছিনতাইকারীরা তার মানিব্যাগ ছিনিয়ে নেয়। মোবাইল ফোন নিতে চাইলে তিনি বাধা দিলে তাকে গুলি করা হয়। তার মানিব্যাগে শ্যালক শুভর বিয়ের কেনাকাটার জন্য ১৭ হাজার টাকা ছিল।

খিলক্ষেতের ঘটনায় আহত লিটনের সহকর্মী মহসিন ইসলাম জানান, লিটন দিনাজপুর থেকে আজ ভোর ৪টার দিকে খিলক্ষেত এলাকায় বাস থেকে নামেন। এ সময় রেললাইনের পাশে তিনজন তাকে ছুরি দেখিয়ে ঘিরে ধরে পকেট তল্লাশি করে। তিনি বাধা দিলে তাকে বাঁ কাঁধে তিনবার ছুরিকাঘাত করা হয়। ছিনতাইকারীরা তার কাছ থেকে ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত দুজনই জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাগুলো সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।