ভারতের তালসারিতে আউটডোর শুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে উত্তাল হয়ে উঠেছে টালিউড। প্রযোজনা সংস্থার গাফিলতির অভিযোগ তুলে গত চার দিন ধরে টালিপাড়ায় শোকের আবহ ছাপিয়ে এখন প্রতিবাদের সুর প্রবল। ঘটনার তিন দিন পর বুধবার সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা 'ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স' মুখ খুললেও তাদের বিবৃতিতে একাধিক অসঙ্গতি মেলায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।
এই মর্মান্তিক মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত ও বিচারের দাবিতে সরব হয়েছেন শিল্পী ও টেকনিশিয়ানরা। বুধবার (১ এপ্রিল, ২০২৬) রাতেই আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে ওই প্রযোজনা সংস্থাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি দক্ষিণ কলকাতার একটি থানায় অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার এবং আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে এফআইআর দায়ের করার প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি নিয়ে টলিপাড়ার প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা সরকারসহ ইন্ডাস্ট্রির শীর্ষ ব্যক্তিরা।
রাহুলের মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান ও দোষীদের শাস্তির দাবিতে আগামী শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪টায় টেকনিশিয়ান স্টুডিও থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। এই মিছিলে সৃজিত মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় এবং অরিন্দম শীলসহ ইন্ডাস্ট্রির বিশিষ্টজনরা অংশ নিতে পারেন বলে জানা গেছে।