Friday, Mar 6, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

মধ্যরাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে চার শতাধিক ঘর

কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।আজ মঙ্গলবার ভোররাত ৩টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ক্যাম্প নম্বর ১৬–এর ডি–৪ ব্লকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে, চার শতাধিক ঘরবাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অন্তত দেড়শ ঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, ক্যাম্পের ভেতরে ব্র্যাক পরিচালিত একটি লার্নিং সেন্টার থে...

NP
Published: January 20, 2026, 08:04 AM
মধ্যরাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে চার শতাধিক ঘর

কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।

আজ মঙ্গলবার ভোররাত ৩টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ক্যাম্প নম্বর ১৬–এর ডি–৪ ব্লকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে, চার শতাধিক ঘরবাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অন্তত দেড়শ ঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, ক্যাম্পের ভেতরে ব্র্যাক পরিচালিত একটি লার্নিং সেন্টার থেকে আগুন ছড়াতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রান্নাঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

মধ্যরাতের এই অগ্নিকাণ্ডে ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে অনেক রোহিঙ্গা পরিবার ঘর ছেড়ে নিরাপদ স্থানে ছুটে যায়।

খবর পেয়ে ভোর ৩টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই শত শত ঘর পুড়ে যায়।

ডলার ত্রিপুরা আরও জানান, এখনো ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। আগুনে চার থেকে পাঁচজন সামান্য আহত হয়েছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আগুন লাগার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৬ ডিসেম্বর ৪ নম্বর ক্যাম্পের একটি হাসপাতাল আগুনে পুড়ে যায়। তার আগের ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে অগ্নিকাণ্ডে অন্তত ১০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।

ঘনঘন অগ্নিকাণ্ডের ঘটনায় ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে আগুন প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা ও নজরদারি জোরদারের দাবি উঠছে।