সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।
আজ রোববার ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে এ মামলাটি করেন জেলা বিএনপির আইনবিষয়ক সহকারী সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইনজীবী আবদুল আলিম।
ঝিনাইদহ কোর্ট পুলিশের পরিদর্শক মো. মোক্তার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আদালত মামলার আবেদন আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
আইনজীবী আবদুল আলিম ডেইলি স্টারকে বলেন, আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার এবং তার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে মানহানিকর মন্তব্য করেছেন।
তিনি আরও বলেন, এসব মন্তব্যে বিএনপির নেতাকর্মীরাও অপমানিত হয়েছেন। ফলে আদালতের মাধ্যমে আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি।