Wednesday, Feb 25, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

হামলা-হেনস্তার অভিযোগ, ৩১ জানুয়ারি জামায়াতের নারী সমাবেশ

দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া নারী কর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও হেনস্তার অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। এর প্রতিবাদে দলটি ঢাকায় নারী সমাবেশের ঘোষণা দিয়েছে।আজ মঙ্গলবার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।তিনি জানান, আগামী ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নারী বিভাগের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।তিনি অভিযোগ করেন, দেশের অন্তত নয়টি জায়গায়...

NP
Published: January 27, 2026, 04:45 PM
হামলা-হেনস্তার অভিযোগ, ৩১ জানুয়ারি জামায়াতের নারী সমাবেশ

দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া নারী কর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও হেনস্তার অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। এর প্রতিবাদে দলটি ঢাকায় নারী সমাবেশের ঘোষণা দিয়েছে।

আজ মঙ্গলবার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

তিনি জানান, আগামী ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নারী বিভাগের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি অভিযোগ করেন, দেশের অন্তত নয়টি জায়গায় জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার পাশাপাশি তাদের হেনস্তা করার চেষ্টা করা হয়েছে।

এ ব্যাপারে তার ভাষ্য, 'নির্বাচনে জামায়াতে ইসলামীর নারীরা খুবই অ্যাকটিভ। আমাদের নারীরা বাড়ি বাড়ি যাচ্ছে নিজ নিজ এলাকায়। ভোটারদের সঙ্গে কন্ট্র্যাক্ট করছে। যেমনভাবে আমাদের পুরুষ কর্মীরাও ভোট চান। আমাদের অ্যাসেসমেন্ট হলো সারাদেশে আমাদের নারী সমর্থকই বেশি। জামায়াতকে ভোট দেবে নারীরা বেশি। কারণ তারা শান্তিপ্রিয়। তারা বিশৃঙ্খলাকে, উগ্রতাকে পছন্দ করে না।'

'আমাদের প্রধান প্রতিপক্ষ যারা আছেন তারা এটা বুঝতে পেরেছেন যে, জামায়াতের নারীরা যে পরিমাণ অ্যাক্টিভ আছে তাতে এই নারীদের কর্মকাণ্ডই তাদের টোটাল কর্মকাণ্ডকে সারপ্লাস করে যেতে পারে। এজন্য সারাদেশে আমাদের নারীদেরকে তারা আক্রমণ করছে, হেনস্তা করার চেষ্টা করছে, ভয়-ভীতি দেখাচ্ছে এবং ভীত করার জন্য একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে।'

'নারীদের সম্মান ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পুরুষসহ আমাদের সকলেরই' এমন মন্তব্য করে তাহের আরও বলেন, 'আনফরচুনেটলি যারা বেশি বেশি করে চিৎকার করে নারী অধিকার ও স্বাধীনতার কথা বলে তারাই এখন শুধু রাজনৈতিক কারণে হামলা করছে।'

এ সময় 'ধর্মীয় বয়ানের মোড়কে' জামায়াতের নারী কর্মীদের ভোট চাওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, 'জামায়াতে ইসলামী একটি রাজনৈতিক ধর্মীয় দল। আমাদের আদর্শের কথা যখন আমরা বলব, তখন তো আমরা অবশ্যই বলব যে, আমরা ইসলামী আদর্শের ধারক এবং বাহক। এখানে তো মোড়কের কিছু নেই, স্পষ্ট। আচরণবিধি মেনেই আমরা করছি। কমিউনিস্ট পার্টি যখন ভোট চাইতে যাবে তখন তো তারা কমিউনিজমের কথা বলতেই পারে। এটা কি অপরাধ হবে? জাতীয়তাবাদী দল যখন ভোট চাইবে তারা তো জিয়াউর রহমানের আদর্শের কথা বলবে।'

নারী কর্মীদের ওপর হামলার ঘটনাটি নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে বলেও জানান তাহের।

প্রয়োজনে তাদের নারী কর্মীরাও কমিশনে অভিযোগ করবে বলে জানান তিনি।

এছাড়া সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও ভূমিকা আছে বলে মনে করেন তাহের।

তিনি বলেন, 'সমস্ত রাজনৈতিক দলগুলোর এটা বোঝা উচিত যে, জোর করে ক্ষমতায় গেলে এবার আগের চেয়েও পরিণতি খারাপ হতে পারে। আমাদের সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, সু্ষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখতে হবে। না হলে এই দেশকে সঠিক পথে রাখার আর কোনো বিকল্প থাকবে না। এতে আমরা সকলে সাফার করব।'

'বিএনপির দিক থেকে কেন্দ্র নিয়ন্ত্রণ ও দখল করার মহড়া চলছে' অভিযোগ করে তাহের আরও বলেন, 'আমাদের বন্ধুরা নানাভাবেই মনে করে যে জামায়াতে ইসলামীতে নারীদের গুরুত্ব কম। অপ্রপ্রচারের মাধ্যমে একটা ভুল জিনিসকে তারা স্ট্যাব্লিশ করতে চায়।'