আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া (ফুয়াদ) অভিযোগ করেছেন, বিএনপির ভেতরে একাংশ নেতাকর্মী ‘নব্য আওয়ামী ফ্যাসিবাদী’ আচরণে জড়িয়ে পড়ছেন। তাদের নিয়ন্ত্রণ করা না গেলে তারেক রহমানের সামনে কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি। তার ভাষায়, দলীয়ভাবে শৃঙ্খলা রক্ষা করা না গেলে পরিণতি অতীতের চেয়েও ভয়াবহ হতে পারে এবং নতুন করে গণ-অভ্যুত্থানের পরিবেশ তৈরি হতে পারে
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে অংশ নেওয়া ফুয়াদ দাবি করেন, ভোটের দিন বাবুগঞ্জ ও মুলাদিতে প্রকাশ্যে ব্যালট বাক্স ছিনতাই, কেন্দ্র দখল, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং জাল ভোটের ঘটনা ঘটেছে, যা তারা সরাসরি প্রত্যক্ষ করেছেন।
তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর একটি অংশের পেশাদার ভূমিকার প্রশংসা করেন। তবে সামগ্রিকভাবে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, অতীতে দায়িত্বে থাকা অনেক উচ্চপদস্থ কর্মকর্তা জবাবদিহির মুখে পড়েছেন। বর্তমান কর্মকর্তাদেরও নিজেদের ভূমিকা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান তিনি এবং ইঙ্গিত দেন, একদিন প্রত্যেককেই তাদের কাজের হিসাব দিতে হতে পারে।