রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১২ হাজারের বেশি ইয়াবাসহ এক মাদক চোরাকারবারি ও তার ৪ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার পর মোহাম্মদপুরের টাউনহল, তাজমহল রোড ও জেনেভা ক্যাম্প এলাকায় শের-ই-বাংলা সেনা ক্যাম্প এ অভিযান চালায়।
গ্রেপ্তার মাদক চোরাকারবারি রাজু (৩৫)। তার সহযোগীরা হলো—রনি (৪০), রকি (৩২), সুমন (২৮) ও মহিন (১৮)।
সেনা সূত্র জানায়, গোপন তথ্যের অভিযান চালিয়ে প্রথমে রাজু ও পরে তার ৪ সহযোগীকে আটক করা হয়।
সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, পূর্বে গ্রেপ্তারকৃত আসামিদের তথ্যের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করা হয়। তারা চুয়া সেলিম নামক আরেক শীর্ষ মাদক চোরাকারবারির কাছে এগুলো সরবরাহ করার পরিকল্পনা করছিল বলে জানায়। তবে তাকে পাওয়া যায়নি।
'ভবিষ্যতে এই সিন্ডিকেটের বাকি সদস্যদের গ্রেপ্তারে আরও অভিযান পরিচালনা করা হবে। রাজধানীতে মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে,' যোগ করেন তিনি।
অভিযানে আনুমানিক ৩৬ লাখ টাকা বাজারমূল্যের ১২ হাজার ৩০ পিস ইয়াবা, ৭১০ পুরিয়া ও ৪০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১৫ লাখ ২৬ হাজার ৬২৫ টাকা, মাদক ওজনের ২টি ডিজিটাল ওয়েট মেশিন ও ১২টি স্মার্টফোন জব্দ করা হয়।