ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাসীরুদ্দীন পাটওয়ারীকে একাধিক ডিম ছোড়া হয়। এতে সাময়িকভাবে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।
নাসীরুদ্দীন পাটওয়ারী দ্য ডেইলি স্টারকে বলেন, হামলাকারীরা আমার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের লোকজন।
এ ঘটনায় কলেজ প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নাসীরুদ্দীন পাটওয়ারী শান্তিনগর বাজারের বিপরীত পাশে সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন।
সেখানে তিনি সাংবাদিকদের বলেন, আমরা যখন কলেজে যাই, সাধারণ শিক্ষার্থীরা ফুল দিয়ে আমাদের স্বাগত জানান। এরপর ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করে। আমরা কিছুই করব না। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা ধৈর্য ধরে থাকব।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে ঢাকা-৮ আসনকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে কাজ করব।
এর আগে ২৩ জানুয়ারি রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় একটি পথসভায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর নোংরা পানি ও ডিম নিক্ষেপ করা হয়।