Wednesday, Feb 25, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

শুধু ভোট দিলে হবে না, সঠিক গণনা আপনাদেরই নিশ্চিত করতে হবে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। সবাইকে সতর্ক থাকতে হবে।আজ সোমবার বিকেলে নোয়াখালীর হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তারেক রহমান বলেন, গত ১৫–১৬ বছর ধরে আপনারা ভোট দিতে পারেননি। আপনাদের ভোটাধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। যারা এর জন্য দায়ী, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু আবারও আরেকটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।তিনি বল...

NP
Published: January 27, 2026, 05:27 AM
শুধু ভোট দিলে হবে না, সঠিক গণনা আপনাদেরই নিশ্চিত করতে হবে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। সবাইকে সতর্ক থাকতে হবে।

আজ সোমবার বিকেলে নোয়াখালীর হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, গত ১৫–১৬ বছর ধরে আপনারা ভোট দিতে পারেননি। আপনাদের ভোটাধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। যারা এর জন্য দায়ী, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু আবারও আরেকটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তিনি বলেন, শুধু ভোট দিলেই হবে না। ভোট দেওয়ার পর সেখানে থাকতে হবে এবং নিশ্চিত করতে হবে যে আপনার ভোট সঠিকভাবে গণনা হচ্ছে। 

বিএনপি চেয়ারম্যান বলেন, নির্বাচনের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করতে হবে।

তিনি আরও বলেন, সমস্যার সমাধান করতে হলে ধানের শীষের জয় নিশ্চিত করতে হবে। এ অঞ্চলের মানুষ আগে অনেককেই দেখেছে, কিন্তু তারা সমস্যার সমাধান করেনি। আমরা ইনশাআল্লাহ নদীভাঙন রোধ, বেড়িবাঁধ ও ব্লক বাঁধ নির্মাণে কাজ করব। তবে আপনাদেরও দায়িত্ব আছে—ধানের শীষের বিজয় নিশ্চিত করা।

তারেক রহমান আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ব্লক বাঁধ নির্মাণ, ভূমিহীনদের জন্য স্থায়ী ব্যবস্থা এবং উপজেলা হাসপাতালগুলোকে ১৫০ শয্যায় উন্নীত করার মতো প্রকল্প নেওয়া হবে।

'ব্লক বাঁধ নির্মাণের মাধ্যমে নদীভাঙন রোধ এবং টেকসই বাঁধ নির্মাণ করা হবে। ভূমিহীনদের জন্য খাসজমিতে স্থায়ী বন্দোবস্ত করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫০ শয্যায় উন্নীত করা হবে এবং জাহাজমারা ইউনিয়নকে উপজেলা হিসেবে উন্নীত করা হবে', যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে নিঝুম দ্বীপকে একটি আধুনিক পর্যটন অঞ্চলে রূপান্তর করা হবে। হাতিয়া উপজেলা প্রাকৃতিকভাবে খুব সুন্দর একটি এলাকা। কিন্তু এখানে অনেক সমস্যা রয়েছে। এখানকার মানুষ নিরাপদ পানি পায় না।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, এখানে ভালো স্কুল-কলেজ নেই। স্বাস্থ্যসেবা অপ্রতুল। কৃষিতে সমস্যা আছে, কর্মসংস্থানের অভাব রয়েছে এবং নারীরা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন। ধানের শীষের বিজয় নিশ্চিত করা গেলে এসব সমস্যার সমাধান সম্ভব।

তিনি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিএনপি পরিবার কার্ড চালু করার পরিকল্পনা করেছে। কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে, যার মাধ্যমে সার, বীজ ও কীটনাশক সরবরাহ করা হবে। এতে কয়েক বছরের মধ্যেই কৃষকেরা একটি শক্ত অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে পারবেন।

যুবক ও বেকারদের জন্য কারিগরি প্রশিক্ষণ দিতে ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি বলেন, যুবকদের ব্যবসা শুরু করতে ঋণ দেওয়া হবে এবং বিদেশে কর্মসংস্থানে আগ্রহীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তারা ভালো চাকরি পেতে পারেন।

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে নারী ও শিশুদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে।