মাগুরা-১ আসনে গণফোরামের প্রার্থী ও দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
গতকাল সোমবার দিবাগত রাত ৩টায় মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিজানুর রহমানের গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। তবে এতে কোনো ক্ষতি হয়নি। তিনি ওই বাড়িতে থাকেন না। একটি অবিস্ফোরিত ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে।
ওসি আশিকুর রহমান বলেন, এ ঘটনায় মিজানুর রহমান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।
স্থানীয় হাজিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রিপন বিশ্বাস ডেইলি স্টারকে বলেন, খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ককটেল সদৃশ একটি বস্তু ও কাচের বোতলে কিছু দাহ্য পদার্থ উদ্ধার করে।
এ বিষয়ে গণফোরামের প্রার্থী মিজানুর রহমান ডেইলি স্টারকে বলেন, গতকাল বিকেলে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। রাতে ফিরে মাগুরা শহরের বাড়িতে ছিলাম। রাত ৩টার দিকে গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের খবর পাই। এ ঘটনায় থানায় একটি জিডি করেছি।
তিনি আরও বলেন, মূলত ভয়-ভীতি দেখিয়ে নির্বাচন থেকে সারে দাঁড়াতে এ হামলা চালানো হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানান মিজানুর রহমান।