আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালট এবং ভোটদান কার্যক্রম নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানীর নির্বাচন ভবনে আজ মঙ্গলবার বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে ইসি। প্রতিটি রাজনৈতিক দল থেকে দুজন প্রতিনিধি ও স্বতন্ত্রের ক্ষেত্রে প্রার্থী নিজে বা একজন প্রতিনিধিকে পাঠাতে অনুরোধ করেছে ইসি।
আলোচনা শেষে পোস্টাল ভোট সংশ্লিষ্ট কার্যক্রম এবং হালনাগাদ তথ্য সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে সাংবাদিকদের ব্রিফ করবে ইসি।
এ বিষয়ে ইসি কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার গতকাল সোমবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রবাসীদের ভোটদানের সিস্টেম সম্পর্কে জানাতে আজ বিকেল ৪টায় আমরা প্রত্যেক দলের প্রতিনিধিকে নিয়ে একটি মিটিং করব। বিশ্বের সব বাংলাদেশি দূতাবাস এখানে যুক্ত থাকবেন।'
ইসি আনোয়ারুল বলেন, 'কার কী সমস্যা, কার কী বুঝতে অসুবিধা, কার কী কমপ্লেন, ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে প্রবাসীদের কী সমস্যা, তারা কীভাবে দেখছেন এসব নিয়ে আলোচনা হবে।'
বর্তমানে দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ। আর পোস্টাল ভোটবিডি অ্যাপের মাধ্যমে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন প্রবাসী বাংলাদেশি, সরকারি ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৮১ হাজার ৪৩৫ জন ও নারী ২ লাখ ৫২ হাজার ২৪৬ জন।
নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যেই বিশ্বের ১০৪টি দেশে ৭ লাখ ২৮ হাজার ২৩টি পোস্টাল ব্যালট পাঠিয়েছে। প্রতীক বরাদ্দ শুরু হবে আগামীকাল বুধবার ২১ জানুয়ারি। আগামীকাল থেকেই পোস্টাল ভোটবিডি অ্যাপের মাধ্যমে ভোট দেওয়া শুরু হবে। এদিকে দেশে নির্বাচনী প্রচারণা শুরু হবে বৃহস্পতিবার থেকে।
ইসি পোস্টাল ভোটবিডি অ্যাপ উদ্বোধন করে গত ১৮ নভেম্বর। পরদিন থেকে এই অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন শুরু হয়। গত ৩১ ডিসেম্বর নিবন্ধন শেষ হয়।
৫ লাখ ৭৫ হাজার ২০০ জন সরকারি কর্মকর্তা, ১ লাখ ৬৯ হাজার ৬৪২ জন নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা, ১০ হাজার ১০ জন আনসার ও ভিডিপির সদস্য এবং আইনি হেফাজতে থাকা ৬ হাজার ২৮৫ জন নিবন্ধন করেছেন।
সৌদি আরব থেকে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধন করেছেন, সংখ্যাটি ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন।
সবচেয়ে বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন কুমিল্লা জেলার ১ লাখ ১২ হাজার ৯০ জন। দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকার ১ লাখ ৮ হাজার ৭৫৭ জন।
দেশে ডাক পোস্টের মাধ্যমে ভোটদান প্রক্রিয়া ১৯৭২ সাল থেকে চালু আছে। তবে এবারই প্রথম আইটি-সাপোর্টেড অনলাইন পোস্টাল ভোটিং প্রক্রিয়া শুরু করেছে ইসি।
নিবন্ধিত ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দিতে কোনো টাকা খরচ হবে না। তবে ইসি জানিয়েছে, প্রতি ভোটারে খরচ পড়বে ৭০০ টাকা।